
শিমলা, ২০ মে ( হি.স.) : নারী নির্যাতনের অভিযোগ উঠল হিমাচল প্রদেশের শিমলায়। ঘটনাটি ঘটেছে রামপুর এলাকায় এক বিবাহিত মহিলার সঙ্গে। তিন-চার বছর ধরে যৌন নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এইচআরটিসি ) কর্মী।
বুধবার নির্যাতিতা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, এইচআরটিসি-তে কর্মরত ওই ব্যক্তি তাঁর সঙ্গে বলপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে। অভিযুক্ত তিন-চার বছর ধরে তাঁকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রেখেছিল। অভিযোগে আরও জানানো হয়েছে অভিযুক্ত বহুবার জোর করে মহিলার ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানি করে। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। পুলিশ ইতিমধ্যেই নির্যাতিতার বয়ান অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক