
দক্ষিণ ২৪ পরগনা, ২০ মে (হি.স.): মঙ্গলবার গভীর রাতে বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠল নরেন্দ্রপুরে। এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে খবর, নরেন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত খেয়াদহ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। জখম হওয়া বিজেপি নেতার নাম পাপ্পু সানা। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে কয়েক জন পাপ্পুর উপর হামলা চালান। বাঁশ দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়েছে তাঁকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, হামলাকারীরা যাদবপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে তাঁরা গাড়ি করে এসে পাপ্পুর উপর হামলা চালায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ