বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূলের ধর্না-বিক্ষোভ, গরহাজির অধিকাংশ বিধায়ক
কলকাতা, ২০ মে (হি.স.): পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বুধবার রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা এক ধর্না ও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন। তবে এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়কের মধ্যে অর্ধেকেরও বেশি সদস্য গরহাজির ছিলেন
তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিক্ষোভ প্রদর্শন


কলকাতা, ২০ মে (হি.স.): পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বুধবার রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা এক ধর্না ও বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন। তবে এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়কের মধ্যে অর্ধেকেরও বেশি সদস্য গরহাজির ছিলেন বলে জানা গেছে।

​এদিন যথারীতি বিধানসভা চত্বরে থাকা বি. আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে এই ধর্না-বিক্ষোভ কর্মসূচি চলে। এতে অংশ নেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক ফিরহাদ হাকিম, ডেপুটি লিডার অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন জেলা থেকে আসা দলের অন্যান্য বিধায়করা।

​বিক্ষোভকারী বিধায়করা বর্তমান সরকারের ‘বুলডোজার রাজনীতি’র বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। বিশেষ করে শিয়ালদা ও হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ এবং জবরদখল হটানোর সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তাঁরা সরকার-বিরোধী স্লোগান দিতে থাকেন।

​দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেসের মোট ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ২৫-৩০ জন সদস্য এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে এই বিক্ষোভ চলার পর আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande