
হাওড়া, ২০ মে (হি. স.):-হাওড়া শহরের অন্যতম ব্যস্ততম ঘুসুড়ি জে. এন. মুখার্জী রোডের বেহাল অবস্থা ঘিরে চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের মধ্যে। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে তৈরি হওয়া বড় বড় খানাখন্দের কারণে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। অফিসযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া থেকে সাধারণ পথচারী— সকলকেই প্রাণ হাতে নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে।বুধবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সামান্য জোড়াতালি দিয়ে অতীতে রাস্তা সংস্কারের চেষ্টা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বর্ষার জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে দাবি এলাকাবাসীর। বিশেষ করে স্কুলপড়ুয়া ও প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।সম্প্রতি রাজ্যে নতুন সরকার গঠনের পর ঘুসুড়ির মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের বক্তব্য, নতুন সরকার মানুষের দুর্ভোগের কথা গুরুত্ব দিয়ে দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেবে বলেই তাঁদের বিশ্বাস।স্থানীয় মানুষ প্রশাসনের কাছে অবিলম্বে স্থায়ী মেরামতির দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়