
কলকাতা, ২০ মে (হি. স.) : ভারত সরকারের জনপ্রিয়তার শীর্ষে ভীম পেমেন্ট আ্যপ। ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উল্লেখযোগ্য বৃদ্ধি নথিভুক্ত করল এই মুহূর্তে ভীম পেমেন্ট আ্যপ। এনপিসিআই ভীম সার্ভিসেস লিমিটেড পরিচালিত এই অ্যাপের লেনদেনের পরিমাণ ২০২৫-২৬ আর্থিক বর্ষে গত বছরের তুলনায় ৩০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত এপ্রিল ২০২৫-এ যেখানে মাসিক লেনদেন ছিল ৫.৯৩ কোটি, মার্চ ২০২৬-এ তা বেড়ে ২১.৬ কোটিতে পৌঁছেছে। চলতি বছরের এপ্রিল ২০২৬-এ মোট লেনদেনের পরিমাণ ছিল ২২.৪৯ কোটি এবং আর্থিক মূল্য ২৬,০৪০ কোটি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গেও দৈনন্দিন জীবনে ডিজিটাল পেমেন্টের ব্যবহার দ্রুত বাড়ছে। রাজ্যে অ্যাপের মোট লেনদেনের ৭১ শতাংশই ছিল পিয়ার-টু-মার্চেন্ট পেমেন্ট। মুদি কেনাকাটায় ২২.৫ শতাংশ এবং খাবারের দোকান ও রেস্তরাঁয় ১৮.৭ শতাংশ লেনদেন হয়েছে। এছাড়া কুইক কমার্স, ই-কমার্স ও জ্বালানি ক্ষেত্রেও ব্যবহার বেড়েছে।
কলকাতায় বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে বিস্তারিত জানান এনবিএসএল-এর এমডি এবং সিইও ললিতা নটরাজ। এদিন তিনি বলেন, সাধারণ মানুষের জন্য সহজ ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট পরিষেবা গড়ে তোলাই সংস্থার লক্ষ্য। বাংলা-সহ ১৫টির বেশি আঞ্চলিক ভাষায় পরিষেবা, কম ইন্টারনেটেও কার্যকর ব্যবহার এবং পরিবারভিত্তিক খরচ ব্যবস্থাপনার মতো ফিচার অ্যাপটির জনপ্রিয়তা বাড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত