পুরুলিয়ায় স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা, ৪ বিজেপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ রাজ্য নেতৃত্বের
পুরুলিয়া, ২০ মে (হি. স.) : জেলায় এক সরকারি স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা ও তাঁর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে চার বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি। রাজ্য বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে আখ্
বিজেপির পতাকা


পুরুলিয়া, ২০ মে (হি. স.) : জেলায় এক সরকারি স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা ও তাঁর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে চার বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি। রাজ্য বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে আখ্যা দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত ওই চার নেতাকে ইতিমধ্যেই ‘কারণ দর্শানোর’ নোটিশ জারি করা হয়েছে। একই সঙ্গে, তদন্ত প্রক্রিয়া ও দলের সিদ্ধান্ত স্পষ্ট না হওয়া পর্যন্ত আপাতত তাঁদের বিজেপির সমস্ত রকমের সাংগঠনিক কাজ ও দলের দায়িত্ব থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্বের এই কড়া পদক্ষেপকে কেন্দ্র করে পুরুলিয়ার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের নির্দেশ ও দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে যে চারজন নেতাকে শোকজ করা হয়েছে, তাঁরা হলেন রাকেশ মাহাতো, বিজয়মোহন সিং, অরুণচন্দ্র মাজি এবং মিঠুন কুমার। এদের মধ্যে রাকেশ মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের সদস্য এবং বাঘমুণ্ডি ব্লক বিজেপির আহ্বায়ক। এছাড়া বিজয়মোহন সিং ওই ব্লকের সহ-আহ্বায়ক, অরুণচন্দ্র মাজি ৪ নম্বর মণ্ডলের সভাপতি এবং মিঠুন কুমার যুব মোর্চার ব্লক সভাপতি পদে যুক্ত আছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১২ মে বাঘমুণ্ডি ব্লকের পাথোরডি স্বাস্থ্য কেন্দ্রের ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ-এর চেম্বারে ঢুকে তাঁর সঙ্গে বিজেপি নেতারা চরম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

জানা গেছে, বাঘমুণ্ডি এলাকার গর্ভবতী মহিলাদের চিকিৎসার জন্য কেন ভিন রাজ্যের হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হচ্ছে, এই গুরুতর জনস্বার্থ সংক্রান্ত ইস্যু নিয়ে কথা বলতে গিয়েছিলেন ওই বিজেপি নেতারা। কিন্তু আলোচনা চলাকালীন স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তাঁদের তীব্র তর্কাতর্কি শুরু হয় এবং একপর্যায়ে ওই সরকারি আধিকারিককে হুমকি ও হেনস্থা করা হয় বলে অভিযোগ।

দলের পক্ষ থেকে পাঠানো কড়া চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, সরকারি স্বাস্থ্য আধিকারিককে ভয় দেখানো, আপত্তিকর ভাষা প্রয়োগ করা, শারীরিক ও মানসিকভাবে হেনস্থা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো যে সমস্ত গুরুতর অভিযোগ সামনে এসেছে, তা কোনোভাবেই দলের নীতি ও শৃঙ্খলার সঙ্গে খাপ খায় না। অভিযুক্ত চার নেতাকেই আগামী সাত দিনের মধ্যে তাঁদের এই আচরণের সপক্ষে লিখিত ও সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande