
আরারিয়া, ২০ মে (হি.স.) : বিহার সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী তথা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. রামচন্দ্র প্রসাদ-কে বুধবার ফোর্বসগঞ্জের বিদ্যা মন্দিরে বিজেপি কর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। ‘সবকা সম্মান, জীবন আসান’ অভিযানের আওতায় আয়োজিত সহযোগ শিবির পরিদর্শনের উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যায় আরারিয়ায় পৌঁছেছিলেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. রামচন্দ্র প্রসাদ।
ফোর্বসগঞ্জ বিজেপির কর্মীরা নগর সভাপতি বীরেন্দ্র প্রসাদ মিন্টুর নেতৃত্বে মন্ত্রীকে সংবর্ধনা জানান। এসময় উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি আদিত্য নারায়ণ ঝা, জেলা সহ-সভাপতি প্রতাপ নারায়ণ মণ্ডল এবং বিজেপি নেতা প্রবীণ কুমার। এছাড়াও মণ্ডল সভাপতি বীরেন্দ্র রায়, মন্ত্রী বিপিন জায়সওয়াল, শিবরাম শর্মা, শুভম রায়, অংশু আহুজা, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সচ্চিদানন্দ মেহতা, সম্পাদক ড. নেহা রাজ, ওয়ার্ড কাউন্সিলর বুলবুল যাদব এবং জেডিইউ নেতা বামবাম বিশ্বাস-সহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. প্রসাদ বলেন, সহযোগ শিবিরের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করে তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে উন্নত করতে চান এবং নীতীশ কুমার বিহারকে সমৃদ্ধ রাজ্যে পরিণত করতে উদ্যোগী।
মন্ত্রী জানান, বিহারের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এখন থেকে আরারিয়া-সহ রাজ্যের সমস্ত জেলায় প্রতি মাসের প্রথম ও তৃতীয় মঙ্গলবার পঞ্চায়েত স্তরে সহযোগ শিবিরের আয়োজন করা হবে। অঞ্চল, ব্লক বা থানা স্তরের জনগণের সমস্যাগুলির সমাধান ৩০ দিনের মধ্যে করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে ৩১তম দিনে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে স্থগিতাদেশের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি, অভিযোগ জানানোর জন্য বিহার সরকারের ‘সহযোগ ই-পোর্টাল’ এবং হেল্পলাইনের তথ্যও তুলে ধরেন মন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস