

জাগিরোড (অসম), ২০ মে (হি.স.) : মরিগাঁও জেলার অন্তর্গত জাগিরোডে ভবিষ্যৎ উন্নয়নমূলক প্রকল্পের জন্য নির্ধারিত ৩৩১ বিঘা সরকারি জমি এবং টাটা সেমিকন্ডাক্টর ফ্যাসিলিটি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ বুধবার মরিগাঁও রাজস্ব চক্রের উত্তরখোলা মৌজার অন্তর্গত বড়বড়ি কাছাম এলাকায় ৩৩১ বিঘা সরকারি জমি পরিদর্শন করে জমি অধিগ্রহণ ও সংরক্ষণ সংক্রান্ত পরিকল্পনা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। ওই জমিতে নির্দিষ্ট কোনও সরকারি প্রকল্পের পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতের উন্নয়নমূলক কাজের জন্য জমিটি সংরক্ষণ করা হচ্ছে। আগামী দিনে সেখানে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য জনপরিকাঠামো গড়ে তোলার সম্ভাবনা বিবেচনা করছে রাজ্য সরকার।
বড়বড়র ৩৩১ বিঘা জমি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী পূর্বে অধিগৃহীত সংলগ্ন ১,০০০ বিঘা জমিতে চলমান মাটি ভরাটের কাজও খতিয়ে দেখেছেন।
এছাড়া মুখ্যমন্ত্রী আজ জাগিরোডে নির্মীয়মাণ টাটা সেমিকন্ডাক্টর ফ্যাসিলিটিও পরিদর্শন করেছেন। প্রকল্প নির্মাণের কাজে নিয়োজিত আধিকারিক এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যৌথ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব ড. রবি কোটা, জাগিরোডের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পীযূষ হাজরিকা প্রমুখ।
নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে টাটা সেমিকন্ডাক্টর প্রজেক্ট সম্পর্কে লিখেছেন, প্রকল্পের সঙ্গে নিয়োজিত দল এবং রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় যে অগ্রগতি হয়েছে, তাতে আমি অত্যন্ত আনন্দিত। খুব শীঘ্রই এই কেন্দ্র থেকে উৎপাদন শুরু হবে, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে #MadeInAssam সেমিকন্ডাক্টর চিপের উৎপাদন চালু হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস