
চন্দননগর, ২০ মে (হি.স.): চন্দননগর মহকুমা শাসকের অফিসে বুধবার চন্দননগর মহকুমার বিভিন্ন এলাকার বিধায়কদের নিয়ে একটি উচ্চপর্যায়ের ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। এলাকার প্রশাসনিক পরিষেবা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা, কৃষকদের সমস্যা এবং সমবায় সমিতির ভূমিকা— একাধিক জনমুখী বিষয় নিয়ে এদিন বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান জানান, এদিনের আলোচনায় বারবার মহকুমার বেহাল স্বাস্থ্য পরিষেবার বিষয়টি উঠে এসেছে। সরকারি হাসপাতালগুলিকে ঘিরে সাধারণ মানুষের যে দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা এবং একাধিক ক্ষোভ-অভিযোগ রয়েছে, তা দৃঢ়তার সঙ্গে প্রশাসনের সামনে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়গুলি দ্রুত সরেজমিনে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এর পাশাপাশি, কৃষকদের বর্তমান দুরবস্থা ও নানাবিধ সমস্যা নিয়েও বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। সমবায় সমিতিগুলি যাতে প্রকৃত অর্থে রাজনৈতিক রং না দেখে কৃষকদের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় সরকারি পরিষেবা ও ঋণ সুবিধা সঠিক সময়ে পৌঁছে দেয়, সেই বিষয়েও বৈঠকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
বিধায়ক সন্তু পান আরও বলেন, সাধারণ মানুষের দুয়ারে সঠিক পরিষেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য ও মূল মন্ত্র। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে কীভাবে মানুষের দৈনন্দিন সমস্যাগুলির দ্রুত সমাধান করা যায়, এই বৈঠকে মূলত সেই দিকটির ওপরেই জোর দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA