
মালদা, ২০ মে (হি.স.): মালদা জেলার সামসিতে দোতলা থেকে নিচে পড়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সামসির জয়গুরু সিনেমাহল এলাকার একটি নির্মীয়মাণ বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম আব্দুল বারিক। তিনি একটি বাড়িতে রাজমিস্ত্রির জোগাড়ে হিসেবে কাজ করছিলেন। এদিন সকালে দোতলায় লোহার রড নিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর পা পিছলে যায়। মুহূর্তের মধ্যে তিনি ওপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, আব্দুল বারিকই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর সংসারে রয়েছেন স্ত্রী ও শিশু পুত্র। তাঁর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ