পানাগড়ে মাছের বাজারে পা বাঁধা মৃতদেহ, খুনের অভিযোগে সরব পরিবার
দুর্গাপুর, ২০ মে (হি.স.): সাত সকালে পানাগড় বাজারের মাছপট্টি এলাকায় এক ব্যক্তির পা বাঁধা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। বুধবার সকালে ঘটনাটি নজরে আসতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। মৃতের পরিবারের পক্ষ থেকে সরাসরি এটি একটি পরিকল্পিত
পানাগড়ে মাছের বাজারে পা বাঁধা মৃতদেহ, খুনের অভিযোগে সরব পরিবার


দুর্গাপুর, ২০ মে (হি.স.): সাত সকালে পানাগড় বাজারের মাছপট্টি এলাকায় এক ব্যক্তির পা বাঁধা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। বুধবার সকালে ঘটনাটি নজরে আসতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। মৃতের পরিবারের পক্ষ থেকে সরাসরি এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা বলে অভিযোগ তোলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম গোপাল রায় (৪০)। তিনি কাঁকসার ক্যানেলপাড় এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি কী করতেন এবং মঙ্গলবার রাতে কার বা কাদের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

মৃতের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন গোপালবাবু। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করেছিলেন, কিন্তু কোনও সন্ধান মেলেনি। এরপর বুধবার সকালে পানাগড় মাছবাজারের একটি দোকানের সামনে তাঁর পা বাঁধা অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। মৃতদেহের হাত-পায়ের আঘাত ও পা বাঁধা থাকার ধরন দেখে এটি স্পষ্ট খুনের ঘটনা বলে দাবি করেছেন তাঁরা।

খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে। এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, পানাগড়ে মাছ বাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার সবকটি দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

মাছবাজারের মতো একটি জনবহুল এলাকায় কীভাবে মাঝরাতে এই ঘটনা ঘটল এবং এর পিছনে কোনও পুরোনো শত্রুতা রয়েছে কি না, তা জানতে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande