বান্ধবীর আলমারি লুঠ করে দুবাই পালানোর ছক, কলকাতা বিমানবন্দর থেকে ধৃত অভিযুক্ত
দুর্গাপুর, ২০ মে (হি.স.): বান্ধবীর আলমারি থেকে সোনা, বিদেশি মুদ্রা এবং নগদ টাকা লুঠ করে দুবাইয়ে চম্পট দেওয়ার ছক বানচাল করল পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে কাঁকসা থানার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। বুধবার এই ঘটনাকে ঘিরে কাঁকসা এলাক
বান্ধবীর আলমারি লুঠ করে দুবাই পালানোর ছক, কলকাতা বিমানবন্দর থেকে ধৃত অভিযুক্ত


দুর্গাপুর, ২০ মে (হি.স.): বান্ধবীর আলমারি থেকে সোনা, বিদেশি মুদ্রা এবং নগদ টাকা লুঠ করে দুবাইয়ে চম্পট দেওয়ার ছক বানচাল করল পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে কাঁকসা থানার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। বুধবার এই ঘটনাকে ঘিরে কাঁকসা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতের কাছ থেকে নগদ টাকা, মার্কিন ডলার এবং সোনার অলংকার মিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৩ তারিখ কাঁকসার বামুনাড়া এলাকার এক মহিলার বাড়িতে একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আলমারি ভেঙে গহনা ও নগদ টাকা উধাও হয়ে যাওয়ার পর মলানদিঘি ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই মলানদিঘি ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোপী মোদি নামে এক যুবকের হদিস পান তদন্তকারীরা। ধৃত গোপী মোদি ঝাড়খণ্ডের ঝরিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানিয়েছে, ধৃত গোপী মোদি অভিযোগকারী ওই মহিলার পূর্বপরিচিত ছিল। গত ১৩ তারিখ বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে সে আলমারি থেকে সর্বস্ব চুরি করে চম্পট দেয়। এরপর উদ্ধার হওয়া বিপুল অর্থ নিয়ে দেশ ছেড়ে দুবাইয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল সে। ঘটনার পর থেকেই তার মোবাইল লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ। অবশেষে তার মোবাইল টাওয়ার লোকেশন কলকাতা বিমানবন্দরে দেখাতেই দ্রুত সক্রিয় হয় মলানদিঘি ফাঁড়ির পুলিশ।

ফাঁড়ির এএসআই শেখ আলী সুরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত কলকাতা বিমানবন্দরে হানা দিয়ে বিমান ধরার আগেই গোপীকে হাতেনাতে গ্রেফতার করে। এরপর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় কাঁকসা থানার পুলিশ। পুলিশি হেফাজতে থাকাকালীন তাকে ম্যারাথন জেরা করে চুরি যাওয়া সমস্ত সোনা, ডলার ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার ধৃতের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাকে পুনরায় দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande