
হাইলাকান্দি (অসম), ২০ মে (হি.স.) : আসন্ন ঈদ-উল-আজহা উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এক উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত বৈঠকে পৌরোহিত্য করেছেন জেলা কমিশনার অভিষেক জৈন।
বৈঠকে উৎসব চলাকালীন জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহ সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পুর কর্তৃপক্ষকে ব্যাপক সাফাই অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ঈদের দিন বাজার, ধর্মীয় স্থান ও জনবহুল এলাকাগুলোর আশপাশে যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। যান চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রশাসন তৎপর থাকবে বলে বৈঠকে জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিকের প্রতি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও পথ নিরাপত্তার নিয়ম মেনে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, বৈঠকে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ শর্মা, অতিরিক্ত জেলাশাসক মিনার্ভা দেবী সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস