
মাইবাং (অসম), ২০ মে (হি.স.) : ডিমা হাসাও প্রেস ক্লাবের উদ্যোগে ‘গ্রিন স্কুল অ্যান্ড ক্লিন স্কুল’ শীর্ষক এক পরিবেশ সচেতনতা কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযান আজ মাইবাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার অনুষ্ঠিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য, ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিদ্যালয়গুলিতে টেকসই ও পরিবেশ-বান্ধব অভ্যাস গড়ে তোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও জনসংযোগ বিভাগের উপ-অধিকর্তা পূরবী ফংলো এবং মাইবাং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ ও মাইবাং শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, প্রেস ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। সচেতনতা সভায় পরিবেশ-বান্ধব জীবনযাপনের বিভিন্ন দিক যেমন বর্জ্য পৃথকীকরণ, জল সংরক্ষণ এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পরিবেশ-সচেতন নাগরিক গড়ে তুলতে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে আজকের কর্মসূচিতে।
সচেতনতা কর্মসূচির পর বিদ্যালয় প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকায় সমন্বিত বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির দেশীয় চারাগাছ রোপণ করা হয়, যা ভবিষ্যতে সবুজায়ন বৃদ্ধি, মাটির সংরক্ষণ, ছায়া প্রদান এবং জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে।
আয়োজকরা ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবকদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সারা বছর জুড়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর জোর দেন। প্রেস ক্লাবের জনৈক প্রতিনিধি বলেন, বিদ্যালয় ও সমাজের ছোট ছোট ধারাবাহিক উদ্যোগই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে পারে।
উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সম্মিলিত দায়িত্ববোধ গড়ে তোলার এই উদ্যোগের প্রশংসা করেছেন। ডিমা হাসাও প্রেস ক্লাব জানিয়েছে, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ-বান্ধব ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব