
সিওয়ান, ২০ মে ( হি.স.): বিহারের সিওয়ানে পুলিশের তৎপরতায় গ্রেফতার ৪ জন মহিলা–সহ মোট ৫ জন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে বুধবার , দারাউলি থানার অন্তর্গত চকরী গ্রামে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ মে চকরী গ্রামের বাসিন্দা রমেশ মাঝিকে অবৈধ মদ মজুতের অপরাধে দারাউলি থানার পুলিশ হেফাজতে নেয়। রমেশের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২৫.৮৪ লিটার অবৈধ মদ ।
ধৃতকে থানায় নিয়ে যাওয়ার পথে আচমকা অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় রমেশ ঘনিষ্ঠরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় রমেশ । এই অতর্কিত হামলায় জখম হন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক । ঘটনার পর পুলিশ পুনরায় তল্লাশি অভিযান শুরু করে। গোপন সূত্র মারফত বুধবার পুলিশ খবর পায়। সেই তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় হামলায় জড়িত ৪ জন মহিলা সহ মোট ৫ জন অভিযুক্তকে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক