ভুবন চন্দ্র খান্ডুরিকে শ্রদ্ধাজ্ঞাপন উপরাষ্ট্রপতি–সহ বিশিষ্টদের
দেহরাদুন, ২০ মে (হি.স.) : অশ্রুসজল চোখে শেষ বিদায় জানানো হলো উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা ভুবন চন্দ্র খান্ডুরিকে। বুধবার দেহরাদুনে তাঁর বসন্ত বিহারের বাসভবনে সকাল থেকেই উপচে পড়েছিল অনুগামী ও সাধারণ মানুষের ভিড়। উপরাষ
জনজোয়ারে ভাসলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খণ্ডূড়ী, শেষ শ্রদ্ধা জানালেন উপরাষ্ট্রপতি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী


দেহরাদুন, ২০ মে (হি.স.) : অশ্রুসজল চোখে শেষ বিদায় জানানো হলো উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা ভুবন চন্দ্র খান্ডুরিকে। বুধবার দেহরাদুনে তাঁর বসন্ত বিহারের বাসভবনে সকাল থেকেই উপচে পড়েছিল অনুগামী ও সাধারণ মানুষের ভিড়। উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রয়াত নেতার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা প্রকাশ করেন উপরাষ্ট্রপতি। এদিন উত্তরাখণ্ডের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিধায়ক, প্রাক্তন সেনাকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষ তাঁদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন।

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বিজেপির রাজ্য সদর দফতরে। সেখানে শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, খান্ডুরি ছিলেন উত্তরাখণ্ডের রাজনীতিতে সততা, নিয়মানুবর্তিতা এবং সরলতার এক অনন্য প্রতীক। জনজীবনে স্বচ্ছতা ও সুশাসনের জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও সাংসদরা। ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ মানুষ। তাঁরা জানান, ভুবন চন্দ্র খান্ডুরির প্রয়াণ উত্তরাখণ্ড তথা দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেহরাদুনে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে হরিদ্বারের খড়খড়ি ঘাটে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শেষকৃত্যের জন্য খড়খড়ি ঘাটে নিরাপত্তা ও ট্রাফিকের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande