
দেরাদুন, ২০ মে (হি. স.) : এসি বিস্ফোরণ থেকে হাসপাতালের আইসিইউ -তে ছড়িয়ে পড়া বিধ্বংসী আগুনে ঝলসে ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে এক মহিলা রোগীর মর্মান্তিক মৃত্যু হলো। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু এবং তিন পুলিশকর্মী সহ অন্তত ১১ জন গুরুতর জখম হয়েছেন, যাঁদের মধ্যে দু'জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
সূত্রের খবর, উত্তরাখণ্ডের দেরাদুনের দোইওয়ালা এলাকার 'প্যানাসিয়া' হাসপাতালে বুধবার সকালে এই বড়সড় দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালের একটি এসি মেশিনে আচমকাই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হওয়ার পরেই আইসিইউ ওয়ার্ডে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন লেগে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে চিকিৎসাধীন রোগী, তাঁদের পরিজন এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়।
অগ্নিকাণ্ডের জেরে উৎপন্ন হওয়া বিষাক্ত কালো ধোঁয়া দ্রুত হাসপাতালের সর্বত্র ছড়িয়ে পড়ায় উদ্ধারকার্য ব্যাহত হয়। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীরা স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালের ভেতরে আটকে পড়া রোগীদের উদ্ধার করতে শুরু করেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ও অগ্নিদগ্ধ রোগীদের দ্রুত অ্যাম্বুল্যান্সে করে অন্য নিকটবর্তী হাসপাতালগুলিতে স্থানান্তরিত করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন এবং ধোঁয়ার তীব্রতায় দমবন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সচল ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / সোনালি