
মির্জাপুর, ২০ মে ( হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরের আদানি বিদ্যুৎকেন্দ্র চত্বর থেকে রহস্যজনকভাবে উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ। মঙ্গলবার রাতে মড়িহান থানা অন্তর্গত দদরি জঙ্গলে নির্মীয়মান বিদ্যুৎকেন্দ্রে ওই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য ।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কর্মী পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মৃতের বয়স ৩৫ বছরের আশেপাশে । কর্মসূত্রে তিনি মির্জাপুরে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে সহকর্মীদের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল। আর সেই রাতেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
খবর পেয়ে মড়িহান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক