
আউরাইয়া, ২০ মে (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলার দিবিয়াপুর থানা এলাকার ফাফুন্দ রেল স্টেশনে বুধবার ভোরে ট্রেনের ধাক্কায় এক প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম রামমহেশ পোরওয়াল (৫৬)। তিনি দিবিয়াপুরের সঞ্জয় নগরের বাসিন্দা এবং পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রামমহেশ পোরওয়াল বেশ কিছুদিন মানসিক রোগে ভুগছিলেন। বুধবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান এবং ফাফুন্দ রেল স্টেশনে পৌঁছান। সেই সময় ডাউন রেললাইনে একটি দ্রুতগামী ট্রেনের সামনে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সকালে তাঁর ছেলে বাবাকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। খুঁজতে খুঁজতে তিনি ফাফুন্দ রেল স্টেশনে পৌঁছালে সেখানে বাবার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে।
ফাফুন্দ জিআরপি চৌকির ইনচার্জ অজিত কুমার জানান, ১৪২১৮ নম্বর ট্রেনের চালক রেল ট্র্যাকে এক ব্যক্তির দেহ পড়ে থাকার তথ্য দেন। সেই খবরের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস