
আইজল, ২০ মে (হি.স.) : রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তৃণমূল স্তরে ক্রীড়া ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে, যাতে ভবিষ্যতে এমন ক্রীড়াবিদ তৈরি করা যায় যাঁরা ভারতের হয়ে অলিম্পিক গেমসে প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে, বলেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী লালংহিংলোভা মার।
আইজলে অনুষ্ঠিত পিসি গ্যাব্রিয়েল লাল্লিয়ানসাঙ্গা মেমোরিয়াল এমবিএ জুনিয়র অফিশিয়াল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে ক্রীড়ামন্ত্রী লালংহিংলোভা বলেন, মিজোরামের ক্রীড়া পরিকাঠামোকে নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে অল্প বয়স থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে প্রশিক্ষণ দেওয়া যায়। তিনি বলেন, ইতিমধ্যেই অলিম্পিক ক্রীড়াগুলিতে রাজ্যের খেলোয়াড়রা উল্লেখযোগ্য সম্ভাবনার পরিচয় দিয়েছেন।
মন্ত্রী জানান, রাজ্য সরকার আটটি গুরুত্বপূর্ণ অলিম্পিক ক্রীড়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এগুলি আর্চারি, ব্যাডমিন্টন, বক্সিং, হকি, জুডো, তায়কোয়ান্দো, ভারোত্তোলন এবং কুস্তি। এই ক্ষেত্রগুলিতে প্রতিভা বিকাশ ও প্রতিযোগিতামূলক উৎকর্ষ গড়ে তুলতে একটি সুসংগঠিত কাঠামো তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
তরুণ ক্রীড়াবিদদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তাদের মধ্যে অলিম্পিক ভাবনা গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্য স্থির করতে হবে।
ব্যাডমিন্টনে মিজোরামের সাফল্যের কথা উল্লেখ করে ক্রীড়ামন্ত্রী মার বলেন, জুনিয়র ও সাব-জুনিয়র বিভাগে রাজ্য উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তৈরি করেছে বহু প্রতিভাবান খেলোয়াড় ও চ্যাম্পিয়ন।
তিনি আরও বলেন, সঠিক প্রশিক্ষণ, উন্নত পরিকাঠামো এবং পরিকল্পিত কোচিং কর্মসূচির মাধ্যমে মিজোরাম ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলায়ও আরও বড় সাফল্য অর্জন করতে পারবে।
সমাজে খেলাধুলার বিস্তৃত ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা উন্নত করার একটি শক্তিশালী মাধ্যম।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস