জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা ও গহনা আত্মসাৎ, শান্তিপুরে তৃণমূল নেতার বাড়ির সামনে তরুণীর আত্মহত্যার চেষ্টা
শান্তিপুর, ২০ মে (হি.স.): সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা এবং সোনার গহনা আত্মসাৎ করার অভিযোগ। দিনের পর দিন ঘুরেও সেই টাকা ও গহনা ফেরত না পেয়ে অবশেষে এক তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী। বুধবা
জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা ও গহনা আত্মসাৎ, শান্তিপুরে তৃণমূল নেতার বাড়ির সামনে তরুণীর আত্মহত্যার চেষ্টা


শান্তিপুর, ২০ মে (হি.স.): সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা এবং সোনার গহনা আত্মসাৎ করার অভিযোগ। দিনের পর দিন ঘুরেও সেই টাকা ও গহনা ফেরত না পেয়ে অবশেষে এক তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী। বুধবার নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় এই চরম ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলিয়ার বাসিন্দা ওই তরুণীর অভিযোগ— সরকারি জমি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা তাঁর কাছ থেকে দফায় দফায় লক্ষাধিক নগদ টাকা এবং বেশ কিছু সোনার অলংকার নিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও জমির কোনও হদিস মেলেনি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত কয়েক মাস ধরে ওই নেতার কাছে টাকা ও সোনা ফেরত চেয়ে আসছিলেন তরুণী ও তাঁর পরিবার। অভিযোগ, বারবার দাবি জানানো সত্ত্বেও ওই তৃণমূল নেতা টাকা ফেরত দেওয়া তো দূর অস্ত, উল্টে তাঁদের নানাভাবে হুমকি ও হেনস্থা করেন।

টাকা ও গহনা খুইয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই তরুণী। শেষে বুধবার আর কোনও উপায় না দেখে চরম পথ বেছে নেন তিনি। এদিন সকালে ওই তৃণমূল নেতার বাড়ির সামনে পৌঁছে আচমকাই নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এই দৃশ্য নজরে আসতেই স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা চিৎকার জুড়ে দেন এবং দ্রুত ছুটে গিয়ে তরুণীকে উদ্ধার করেন। ফলে এক বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পান তিনি।

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা। অভিযুক্ত তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং তরুণীর লিখিত বয়ান নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande