পাহাড়ের রাজনীতিতে বড় পদক্ষেপ, জিটিএ-র দুর্নীতির ফাইল পুনরায় খোলার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
শিলিগুড়ি, ২০ মে (হি.স.) : বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর বুধবার উত্তরবঙ্গে পা রাখতেই পাহাড়ের রাজনীতিতে এক বড় ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়িতে পৌঁছানোর পরপরই এক কড়া বার্তা দিয়ে ত
শুভেন্দু অধিকারী


শিলিগুড়ি, ২০ মে (হি.স.) : বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর বুধবার উত্তরবঙ্গে পা রাখতেই পাহাড়ের রাজনীতিতে এক বড় ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়িতে পৌঁছানোর পরপরই এক কড়া বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, পূর্ববর্তী সরকারের আমলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর অধীনে হওয়া সমস্ত কাজ, তহবিল বা ফান্ড বরাদ্দ এবং বিভিন্ন প্রকল্প সংক্রান্ত ফাইলগুলি পুনরায় খোলা হবে।

মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, “পাহাড়ের সামগ্রিক উন্নয়নের টাকা নিয়ে যারা দুর্নীতি ও নয়ছয় করেছে, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না।”

এর আগে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকও উত্তরকন্যায় (উত্তরবঙ্গের শাখা সচিবালয়) বসে সমস্ত সরকারি কাজের ওপর কড়া নজরদারি চালানো এবং পূর্বতন জমানার দুর্নীতির তদন্ত করার কথা বলেছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে এবং এখন থেকে তিনি প্রতি সপ্তাহে অন্তত একদিন উত্তরকন্যায় সশরীরে উপস্থিত থেকে সমস্ত কাজকর্মের তদারকি করবেন।

মুখ্যমন্ত্রীর এই ‘জিটিএ ফাইল খোলার’ আকস্মিক ঘোষণায় পাহাড়ের রাজনৈতিক মহলে জোর আলোড়ন ও শোরগোল পড়ে গেছে।

অন্যদিকে, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং-ও জিটিএ-কে কেন্দ্র করে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন। জিটিএ-তে ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে তিনি সম্প্রতি জিটিএ-র সদর দফতর ‘লালকুঠি’ ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। তবে বর্তমানের ভরা পর্যটন মরশুমের কথা মাথায় রেখে আপাতত সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিগত জমানায় জিটিএ-র তহবিল নিয়ে ওঠা কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে আগামী দিনে পাহাড়ের রাজনীতি আরও সরগরম হয়ে উঠতে চলেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande