রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকরের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক, মেটানো হবে শিক্ষক সঙ্কট
কলকাতা, ২০ মে (হি.স.): রাজ্যে দ্রুত জাতীয় শিক্ষানীতি কার্যকর করা এবং শিক্ষা ব্যবস্থার একাধিক দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য সরকারের এক প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে মূলত সেই সমস
মুখ্যমন্ত্রী সমীপে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নবান্নে বুধবার


কলকাতা, ২০ মে (হি.স.): রাজ্যে দ্রুত জাতীয় শিক্ষানীতি কার্যকর করা এবং শিক্ষা ব্যবস্থার একাধিক দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য সরকারের এক প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে মূলত সেই সমস্ত শিক্ষামূলক নীতি ও প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যেগুলি পূর্বতন সরকারের আমলে রাজনৈতিক বা প্রশাসনিক কারণে কার্যকর করা সম্ভব হয়নি।

​সরকারি সূত্রের খবর, জাতীয় শিক্ষানীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ছাত্রমুখী দিক এরাজ্যে এখনও সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। নতুন সরকার ক্ষমতা দখলের পরই সেই থমকে থাকা প্রকল্পগুলিকে কীভাবে ধাপে ধাপে ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রাজ্য জুড়ে চালু করা যায়, তা নিয়ে রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। এর পাশাপাশি, বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া বা স্থগিত থাকা একাধিক জনপ্রিয় শিক্ষামূলক প্রকল্প ফের নতুন করে চালু করার বিষয়েও এদিনের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।

​উল্লেখ্য, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষা ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এদিনের হাইপ্রোফাইল বৈঠকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির বর্তমান পরিকাঠামো, উপাচার্য নিয়োগের জট এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ও প্রতিনিধি দলের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। সেই সঙ্গে রাজ্যের বহু সরকারি ও সরকার পোষিত স্কুলে দীর্ঘদিন ধরে চলা শিক্ষক সঙ্কট এবং উপযুক্ত ছাত্র ও শিক্ষকের অভাবে কোথাও কোথাও স্কুল বন্ধ হয়ে যাওয়ার মতো আশঙ্কাজনক সমস্যাগুলিও এদিন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচিত হয়।

​রাজ্য সরকারের তরফে এই প্রসঙ্গে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, আগামী দিনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের প্রতিনিধিরা। সেই বৈঠকে জাতীয় শিক্ষানীতি এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কেন্দ্রীয় অনুদানের প্রকল্পগুলি এরাজ্যে দ্রুত বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা নিয়ে বিস্তারিত ও চূড়ান্ত আলোচনা করা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande