
কলকাতা, ২০ মে (হি.স.): বুধবার দেশজুড়ে ওষুধের দোকান বন্ধের ডাক দিয়েছিল সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন 'অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস' (এআইওসিডি)। অনলাইনে ওষুধ বিক্রির বিরোধিতা এবং একাধিক দাবির সমর্থনে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তবে এ দিন ধর্মঘটের মিশ্র প্রভাব দেখা গেল পশ্চিমবঙ্গে। বড় কর্পোরেট ফার্মেসি সংস্থা, সরকারি জেনেরিক ওষুধের দোকান এবং বেশ কিছু পাড়ার ওষুধের দোকান খোলা থাকে এদিন। ফলে চরম ভোগান্তির মুখ থেকে রক্ষা পেয়েছে সাধারণ মানুষ। স্বাভাবিক রয়েছে জরুরি ওষুধ সরবরাহের পরিষেবাও।
প্রধান ফার্মেসি চেইন, হাসপাতালের ফার্মেসি স্টোর, জনৌষধি কেন্দ্র খোলা থাকে এদিন৷ পাশাপাশি, স্থানীয় কিছু খুচরো ওষুধের দোকানে প্রতিদিনের প্রয়োজনীয় ও জরুরি প্রেসক্রিপশনের ওষুধ কিনতে আসা গ্রাহকদের পরিষেবা দেয় এদিন।
এই ওষুধ ব্যবসায়ী সংগঠনটি অভিযোগ করেছে যে, ই-ফার্মেসি প্ল্যাটফর্ম এবং তাৎক্ষণিকভাবে ওষুধ পৌঁছে দেওয়ার অ্যাপগুলো অত্যধিক ছাড় বা 'ডিপ ডিসকাউন্টিং'-এর মতো কৌশল অবলম্বন করছে, যার ফলে প্রথাগত বা সশরীরে উপস্থিত থেকে ব্যবসা করা খুচরো ওষুধ বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংগঠনটি অনলাইনে ওষুধ বিক্রির ক্ষেত্রে পর্যাপ্ত যাচাইকরণ ব্যবস্থার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, এই ধরনের প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ভুয়ো প্রেসক্রিপশন ব্যবহার করে নেশার বা আসক্তি-বর্ধক ওষুধের অপব্যবহার তৈরি হতে পারে ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ