
হরিদ্বার, ২০ মে ( হি.স. ): নাবালিকা ধর্ষণের দায়ে এক অভিযুক্ত দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বুধবার দিল্লি থেকে তাকে গ্রেফতার করল উত্তরাখণ্ডের পিরান কলিয়া থানার পুলিশ। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অভিযুক্ত পিরান কলিয়ার থানার অন্তর্গত মুরাদনগর এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানিয়েছে, ১৪ মে কোটা মুরাদনগর এলাকার এক বাসিন্দা পিরান কলিয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, গ্রামেরই এক বাসিন্দা ওই অভিযুক্ত কৌশলে তাঁর নাবালিকা মেয়েকে বাড়ি থেকে দূরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ অভিযুক্তকে খুঁজতে তদন্তে নামে। বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে পুলিশ অভিযুক্তের অবস্থান পর্যবেক্ষন করছিল । বুধবার পুলিশ গোপন সূত্রে খবর পায়, অভিযুক্ত পুণে থেকে দিল্লি পৌঁছাবে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ নজরদারি আরও বাড়িয়ে দেয় এবং নিজামুদ্দিন রেল স্টেশন থেকে অবশেষে গ্রেফতার করা হয় অভিযুক্তকে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, ঘটনার দিনই সে হরিদ্বার থেকে রেলপথে মহারাষ্ট্রে পালায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক