এ দেশের স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ রেশন পাবে না, ডিলারশিপ বাতিলের কড়া হুঁশিয়ারি নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
কলকাতা, ২০ মে (হি.স.): দায়িত্ব নেওয়ার পর বুধবার খাদ্যভবনে সশরীরে উপস্থিত হয়ে একগুচ্ছ কড়া ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন রাজ্যের নতুন খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া। রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং ভিনদেশি অনুপ্রবেশকারীদের রেশন বন্ধ করার ব
খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া দফতরে


কলকাতা, ২০ মে (হি.স.): দায়িত্ব নেওয়ার পর বুধবার খাদ্যভবনে সশরীরে উপস্থিত হয়ে একগুচ্ছ কড়া ও তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন রাজ্যের নতুন খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া। রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং ভিনদেশি অনুপ্রবেশকারীদের রেশন বন্ধ করার বিষয়ে এদিন কড়া অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

​খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান, “যাঁরা প্রকৃত ভারতীয় নাগরিক, তাঁরাই কেবল রেশনের সুবিধা পাবেন। সীমান্ত জেলাগুলিতে বসবাসকারী কোনও ভিনদেশি নাগরিককে রেশন দেওয়া হবে না। অর্থাৎ, এ দেশের স্থায়ী বাসিন্দা ছাড়া অন্যদের জন্য এই পরিষেবা স্বাভাবিকভাবেই নয়।”

​রেশনের আটার গুণগত মান নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভের স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার রেশন ব্যবস্থায় নিম্নমানের আটার প্যাকেট সরবরাহ করা সম্পূর্ণ বন্ধ করছে। আগামী দিনে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত ভালো মানের গম সরবরাহ করা হবে। বিগত সরকারের আমলকে তীব্র নিশানা করে খাদ্যমন্ত্রী বলেন, “পূর্বতন সরকারের সময়ে রেশন সরবরাহের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। উপভোক্তাদের পোকা ধরা এবং অত্যন্ত খারাপ মানের গম দেওয়া হয়েছিল, যাতে ভুষির পরিমাণই বেশি ছিল।”

​এই প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যবস্থার প্রশংসা করে তিনি আরও বলেন, “ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া -র তরফে দেশের অন্যান্য রাজ্যে যে গম সরবরাহ করা হয়ে থাকে, তা গুণগতভাবে অত্যন্ত উচ্চমানের এবং সুস্বাদু। আগামী দিনে সেই একই মানের উন্নত গম এ রাজ্যের মানুষও পাবেন।”

​পাশাপাশি, রেশন কার্ড এবং ডিলারশিপ নিয়ে চলা অনিয়মের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নতুন খাদ্যমন্ত্রী। তিনি জানান, রেশন কার্ডের গরমিল সংক্রান্ত একাধিক তথ্যের ওপর ভিত্তি করে বর্তমানে তদন্ত ও স্ক্রিনিংয়ের কাজ চলছে। তদন্তে কোনও রকম অনিয়ম বা জালিয়াতি প্রমাণিত হলে, সংশ্লিষ্ট রেশন ডিলারদের রেজিস্ট্রেশন তথা ডিলারশিপ সরাসরি বাতিল করা হতে পারে।

​অন্য দিকে, রেশন ব্যবস্থা নিয়ে আরেকটি বড় ঘোষণা করে মন্ত্রী জানান, কোভিড অতিমারী আবহে যে সমস্ত অঞ্চলে বিশেষ ব্যবস্থা হিসেবে জরুরি ভিত্তিতে অতিরিক্ত রেশন সরবরাহ করা শুরু হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে এখন তা আর মিলবে না। খুব শীঘ্রই এই বিশেষ কোটা বন্ধ করা নিয়ে খাদ্য দফতরের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande