
বীরভূম, ২০ মে (হি.স.): একাধিক দাবি-দাওয়া ঘিরে বুধবার উত্তাল হলো বীরভূম জেলার বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তীব্র গরমের মধ্যে ক্লাসরুমে পর্যাপ্ত ফ্যান না থাকা, হস্টেলের নিম্নমানের খাবার এবং পানীয় জলের তীব্র সংকটের অভিযোগ তুলে উপাচার্য আবু তালেব খানকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বিক্ষুব্ধ পড়ুয়াদের পক্ষ থেকে একগুচ্ছ অভিযোগ করা হয়েছে। তাদের বক্তব্য, দক্ষিণবঙ্গে তীব্র দহন, অথচ ক্লাসরুমগুলিতে পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমে ক্লাস করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। হস্টেলের ক্যান্টিনে যে খাবার দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিম্নমানের এবং অস্বাস্থ্যকর। ক্যাম্পাসে পরিশ্রুত পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। সেই সঙ্গে হস্টেলের চারপাশের পরিবেশও বসবাসের অযোগ্য হয়ে উঠছে বলে পড়ুয়ারা ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের দীর্ঘক্ষণ আলোচনা চলে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারিও দেয় পড়ুয়ারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ