
কলকাতা, ২০ মে (হি.স.): সিএএ আইন কার্যকর করল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ-সহ নথিভুক্ত দেশগুলি থেকে সিএএ-র আওতায় যোগ্য যাঁরা এ দেশে তথা রাজ্যে এসেছেন, তাঁদের সমস্যা হবে না। তার বাইরে যাঁরা বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন, তাঁদের আটক বা গ্রেফতার করে বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে। পদ্ধতি মেনে তাঁদের ফেরত পাঠাবে বিএসএফ।
নবান্ন সভাঘরে এদিনের বৈঠক থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং তাদের প্রত্যর্পণ করা নিয়ে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, গত বছর ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে, যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের সরাসরি বিএসএফ-এর হাতে অর্পণ করতে হবে। বিগত সরকারের উদাসীনতার সমালোচনা করে তিনি বলেন, আগের সরকার একদিকে যেমন সিএএ-র বিরোধিতা করেছে, তেমনই ভারত সরকারের এই সংক্রান্ত আইনকেও কাজে লাগায়নি। রাজ্য পুলিশের ভূমিকা এবং সিএএ-র সুরক্ষাকবচ নিয়ে বর্তমান সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত থাকবে ছাড়। সিএএ-র নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসেছেন, তাদের কোথাও কোনওভাবেই কোনও হেনস্থা করা হবে না। যারা ওই নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর (অর্থাৎ ২০২৫ বা তার পরে) অবৈধভাবে ভারতে এসেছেন, তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ সরাসরি আইনি পদক্ষেপ করবে। পুলিশ তাদের গ্রেফতার করে সরাসরি বিএসএফ-এর হাতে তুলে দেবে, যাতে বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ডস-এর সঙ্গে কথা বলে দ্রুত তাদের সেদেশে ডিপোর্ট (বহিষ্কার) করতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ