
বারাসাত, ২০ মে (হি. স.):-রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের এক তৃণমূল নেতাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু হল উত্তর ২৪ পরগনায়। বুধবার সন্ধ্যায় বারাসাতের দাপুটে কাউন্সিলর অরুণ ভৌমিককে আটক করে বারাসাত থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসাত থানার ইন্সপেক্টর ইনচার্জের নেতৃত্বে একটি পুলিশ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের কথা ঘোষণা করা হয়নি, তবে অরুণ ভৌমিককে আটক করার বিষয়টি পুলিশ স্বীকার করেছে।সূত্রের খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় সংঘটিত রাজনৈতিক হিংসার একাধিক অভিযোগের তদন্তে নেমেই এই পদক্ষেপ করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল, ভোট পরবর্তী সন্ত্রাস ও হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর সেইসব পুরনো অভিযোগের তদন্তে নতুন করে সক্রিয় হয়েছে প্রশাসন।অরুণ ভৌমিকের আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বারাসাত রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব যদিও এই ঘটনায় এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়