
বিধাননগর, ২০ মে (হি. স.):-তোলাবাজির অভিযোগে বিধাননগর পৌরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। বুধবার তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে খবর, রঞ্জন পোদ্দারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক তোলাবাজির অভিযোগ জমা পড়ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তদন্তের পর বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশ এখনও বিস্তারিতভাবে অভিযোগের নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি।স্থানীয় রাজনৈতিক মহলে রঞ্জন পোদ্দারকে প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেই পরিচিত বলা হয়। তিনি প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বোসের ঘনিষ্ঠ অনুগামী বলেও রাজনৈতিক মহলে পরিচিত। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে বিধাননগরের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনায় এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে ওঠা অভিযোগের ভিত্তিতেই অবশেষে প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়