ইসলামপুরে বাসের পিছনে ধাক্কা ট্রাকের, মৃত ট্রাক চালক
উত্তর দিনাজপুর, ২০ মে (হি.স.): বুধবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি দাঁড়িয়ে থাকা বাসের পিছনে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকচালকের। দুর্ঘটনায় বাসের
ইসলামপুরে বাসের পিছনে ধাক্কা ট্রাকের, মৃত ট্রাক চালক


উত্তর দিনাজপুর, ২০ মে (হি.স.): বুধবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি দাঁড়িয়ে থাকা বাসের পিছনে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকচালকের। দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রীও জখম হয়েছেন বলে জানা গেছে। বুধবার ভোরে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ট্রাকচালকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে শ্রীকৃষ্ণপুর এলাকায় চাকা ফেটে যাওয়ার কারণে রাস্তার ওপর দাঁড়িয়েছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস। সেই সময় রায়গঞ্জের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটির পিছনে ধাক্কা মারে। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুরু হয় উদ্ধারকাজ। লরির ভেতরে আটকে পড়া গুরুতর জখম চালক এবং বাসের আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ট্রাকচালককে মৃত বলে ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande