অসম বিধানসভার প্রথম অধিবেশনে পাস হবে ইউসিসি, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
নির্বাচনে জুবিনের মৃত্যুকে ‘রাজনীতিকরণ’ করায় ধূলিস্যাৎ হয়েছে কং-নেতৃত্বাধীন বিরোধীরা গুয়াহাটি, ২০ মে (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশনে পাস হবে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বা ‘ইউনিফর্ম সিভিল কোড’ (ইউসিসি), বলেছেন মুখ্যমন্
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে জুবিন ক্ষেত্র-এ মুখ্যমন্ত্রী


নির্বাচনে জুবিনের মৃত্যুকে ‘রাজনীতিকরণ’ করায় ধূলিস্যাৎ হয়েছে কং-নেতৃত্বাধীন বিরোধীরা

গুয়াহাটি, ২০ মে (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশনে পাস হবে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বা ‘ইউনিফর্ম সিভিল কোড’ (ইউসিসি), বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর এবং আগামীকাল রাজ্য বিধানসভার প্রথম অধিবেশেনর আগেরদিন আজ বুধবার গুয়াহাটির নিকটবর্তী সোনাপুরের কমারকুচিতে অবস্থিত ‘জুবিন ক্ষেত্র’-এ আসেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। বহুমুখি প্রতিভাসম্পন্ন কিংবদন্তী শিল্পী জুবিন গর্গের প্রতি উৎসর্গীকৃত এই সাংস্কৃতিক স্থানে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর আজ ছিল তাঁর প্রথম সফর।

এখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল ষোড়শ বিধানসভার প্রথম অধিবেশনের কার্যক্রমণিকা সম্পর্কে সাংবাদিকদের এক জিজ্ঞাসার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইউসিসি প্রবর্তন আমাদের অঙ্গীকার। নির্বাচনী প্রচারে জনতাকে কথা দিয়েছিলাম, আমি ফের মুখ্যমন্ত্রী হলে প্রথম অধিবেশনেই ইউসিসি বিল এনে পাস করাব। সে অনুযায়ী আগামীকাল ষোড়শ বিধানসভার প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ এই আইন পাস আমরা করব।’

এছাড়া বহুমুখি প্রতিভাসম্পন্ন শিল্পী জুবিন গর্গের মৃত্যু-মামলা সম্পর্কে এক জিজ্ঞাসার জবাবে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, প্রখ্যাত এই গায়ককে নিয়ে কোনও ধরনের রাজনীতি হওয়া উচিত নয়। তিনি বলেন, ‘নির্বাচনী হাওয়া চলে গেছে, প্রতিশ্রুতি অনুযায়ী আজ আমি এই স্থান পরিদর্শন করতে এসেছি। এই স্থানটি এমন একজনের জন্য উৎসর্গকৃত, যিনি আমাদের কাছে চিরসবুজ। তিনি কখনও রাজনীতির বিষয় ছিলেন না, তিনি ছিলেন প্রতিটি হৃদয়ে বেঁচে থাকা এক আবেগ।’

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা গায়কের মৃত্যুকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করেছিল। কিন্তু সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে মানুষ তাদের সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। হিমন্তবিশ্ব বলেন, জুবিন গর্গের মৃত্যুকে রাজ্য বিধানসভা নির্বাচনে বিরোধীদের ‘রাজনীতিকরণ’টা হিতে বিপরীত হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের ধূলিস্যাৎ হওয়ার এটাও একটা অন্যতম কারণ।

ড. শর্মা বলেন, ‘ভোট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের মধ্যে কেউ কেউ তাঁর নাম নেওয়া বন্ধ করে দিয়েছেন, আর যাঁরা তাঁর স্মৃতিসৌধে এসেছেন, তাঁদের অনেকেই জুবিনকে তাঁর জীবদ্দশায় চিনত না।’

কিংবদন্তি গায়ককে অসমের ‘চিরন্তন হার্টথ্রব’ বলে অভিহিত করে তিনি বলেন, ‘জুবিন আমার প্রিয় ছিলেন, আছেন এবং সবসময় থাকবেন।’

আজ ‘জুবিন ক্ষেত্র’-এ এসে মুখ্যমন্ত্রী স্মৃতিসৌধের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন। তিনি জানান, উন্নয়নের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে এবং সম্ভাব্য ভূমিধস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সীমানা-প্রাচীর নির্মাণ শেষ হওয়ার পর সমাধিক্ষেত্রের মূল উন্নয়নমূলক কাজ ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাগরের জলে সাঁতার কাটতে গিয়ে প্রয়াত হয়েছেন অসমের সম্পদ জুবিন। এর পর এবং নির্বাচনের আগে কংগ্রেস এবং তাদের জোটসঙ্গীরা অসম সরকারের বিরুদ্ধে জুবিন গর্গের মৃত্যুকাণ্ডের বিচারপ্রক্রিয়া চালাতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনে বিলম্বের অভিযোগ তুলে সমালোচনা করেছিল। নির্বাচনী প্রচারের সময় বিরোধীরা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে গায়কের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande