
আরামবাগ, ২০ মে (হি.স.): হুগলি জেলার আরামবাগে ফের বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল। বুধবার আরামবাগের কালিপুর মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন কালিপুর মোড় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের পাশের আড্ডাখানায় কয়েকটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসতেই ক্ষণিকের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় আরামবাগ থানায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাগুলি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় বলে জানা গেছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
কে বা কারা, কী উদ্দেশ্যে ওই জনবহুল এলাকায় বোমাগুলি রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।
উল্লেখ্য, এর আগেও আরামবাগ বাসস্ট্যান্ড এবং পুরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকা থেকেও বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছিল। বারবার এই ধরনের ঘটনা ঘটায় এলাকার সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA