শান্তিরবাজারে স্কুলপাড়া থেকে মুহূর্তে উধাও মোটরসাইকেল, চোরচক্রের দৌরাত্ম্যে আতঙ্কে স্থানীয়রা
শান্তিরবাজার (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জনবহুল স্কুলপাড়া এলাকা থেকে চোখের পলকে একটি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শহরে ক্রমব
বাইক চুরি


শান্তিরবাজার (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জনবহুল স্কুলপাড়া এলাকা থেকে চোখের পলকে একটি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শহরে ক্রমবর্ধমান চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ শান্তিরবাজার স্কুলপাড়ার বাসিন্দা রাহুল দাস তাঁর কর্মস্থল থেকে বাড়িতে ফিরে নিজের পালসার মোটরসাইকেলটি (নম্বর: টিআর-০১-এটি-৬৬৬৭) বাড়ির সামনে রাস্তার ধারে রেখে ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর বাজারে যাওয়ার উদ্দেশে বাইরে এসে তিনি দেখতে পান, মোটরসাইকেলটি আর সেখানে নেই।

প্রথমে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চালানো হলেও মোটরসাইকেলের কোনও সন্ধান মেলেনি। এরপর নিশ্চিত হয়ে যান যে পরিকল্পিতভাবেই চোরচক্র বাইকটি নিয়ে পালিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি শান্তিরবাজার থানায় জানান।

অভিযোগের ভিত্তিতে শান্তিরবাজার থানার পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে শান্তিরবাজার ও পার্শ্ববর্তী এলাকায় চুরি, বাইক উধাও এবং অন্যান্য অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। দিনের আলো হোক কিংবা সন্ধ্যা, চোরচক্র এখন যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে। জনবহুল এলাকা থেকেও এভাবে মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয়রা দ্রুত চোরচক্রকে গ্রেফতার করে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, সময়মতো কঠোর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ ঘটতে পারে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande