
আগরতলা, ২০ মে (হি.স.) : গ্রামীণ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে স্বচ্ছ ভারত মিশনের আওতায় পশ্চিম ত্রিপুরা জেলার ছয়টি ব্লকের জন্য ছয়টি হাইড্রোলিক হুপার বর্জ্য সংগ্রহকারী গাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্লক আধিকারিকদের হাতে এই অত্যাধুনিক গাড়িগুলির চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, অতিরিক্ত জেলা শাসক এবং জেলার ছয়টি ব্লকের আধিকারিকরা। এদিন জেলাশাসক ও অন্যান্য অতিথিরা পতাকা নেড়ে নতুন বর্জ্য সংগ্রহকারী গাড়িগুলির আনুষ্ঠানিক সূচনা করেন।
এই উপলক্ষ্যে জেলাশাসক ডাঃ বিশাল কুমার জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শহর ও গ্রামাঞ্চলে সুষ্ঠু বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার জন্য প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হচ্ছে। সেই নির্দেশনা এবং স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য বাস্তবায়নে পশ্চিম জেলার ছয়টি ব্লকে এই নতুন গাড়িগুলি সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, চার চাকার এই হাইড্রোলিক হুপার গাড়িগুলি বাড়ি, বাজার, গলি এবং আবাসিক এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করবে। এতে গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা করা সহজ হবে এবং বর্জ্য অপসারণ ব্যবস্থায় গতি আসবে। গাড়িগুলি সম্পূর্ণ ব্যাটারি চালিত হওয়ায় জ্বালানি খরচ কমবে এবং পরিবেশ দূষণও হ্রাস পাবে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রতিটি গাড়ির মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। একবার পূর্ণ চার্জে এই গাড়িগুলি প্রায় ১৫০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। ফলে দীর্ঘ সময় ধরে কম খরচে কার্যকরভাবে বর্জ্য সংগ্রহের কাজ পরিচালনা করা সম্ভব হবে।
যেসব ব্লকে এই গাড়িগুলি ব্যবহৃত হবে সেগুলি হল— বেলবাড়ি, ডুকলি, জিরানিয়া, লেফুঙ্গা, মান্দাই এবং মোহনপুর। সংশ্লিষ্ট ব্লক প্রশাসন জানিয়েছে, খুব শীঘ্রই গাড়িগুলি মাঠপর্যায়ে কাজ শুরু করবে।
প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে গ্রামীণ এলাকার বাজার, রাস্তা ও বসতিপূর্ণ এলাকাগুলি আরও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণে এই পদক্ষেপ পশ্চিম ত্রিপুরায় বর্জ্য ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ