
আরামবাগ ,২০মে (হি.স): হুগলির গোঘাটের শুনিয়া গ্রামে রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ও পোস্টার ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী রাস্তার ধারে লাগানো ভারতীয় জনতা পার্টির একাধিক দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। শুধু তাই নয়, গোঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগাড়ের একটি বিশালাকার কাটআউটও ভাঙচুর করে রাস্তার পাশের ড্রেনের নোংরা জলে ফেলে দেওয়া হয়। বুধবার সকালে এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা ক্ষোভে ফেটে পড়ে এবং মুহূর্তের মধ্যে বহু বিজেপি সমর্থক ঘটনাস্থলে জড়ো হন।
স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী শিবিরের একাংশ পরাজয় মেনে নিতে না পেরে রাজনৈতিক হিংসা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এলাকায় নতুন করে আতঙ্ক তৈরি করতে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে তাদের স্পষ্ট অভিযোগ। ঘটনার খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোঘাট থানার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ড্রেনে পড়ে থাকা বিধায়কের কাটআউট ও ছেঁড়া পতাকাগুলি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেউ গ্রেফতার হয়নি। অন্যদিকে, বিরোধী শিবিরের তরফে অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুনিয়া গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোঘাটে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA