
আরামবাগ, ২০ মে (হি.স.): আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি এবং বর্ষার মরশুমে বিপর্যয় মোকাবিলার আগাম প্রস্তুতি নিয়ে জেলাশাসকের দফতরে একটি উচ্চপর্যায়ের ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকার বিধায়ক ও জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
এদিনের বৈঠকে মূলত বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আপদকালীন সময়ে দ্রুত সরকারি পরিষেবা ও ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার জানান, আরামবাগ মহকুমা অত্যন্ত বন্যাপ্রবণ এলাকা হওয়ায় প্রতি বছর বর্ষার সময় এখানকার বিস্তীর্ণ অঞ্চলের বহু মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কথা মাথায় রেখেই এবার আগেভাগে প্রস্তুতি নেওয়া এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গণপূর্ত দফতর এবং জেলা পরিষদের অধীনস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আওতায় থাকা একাধিক সেতুর বর্তমান পরিস্থিতি নিয়ে এদিন বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। কোন কোন এলাকার রাস্তা ও সেতু দ্রুত সংস্কার করা প্রয়োজন এবং বন্যার সময় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কী কী বিকল্প পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়েও বৈঠকে রূপরেখা তৈরি হয়েছে।
বিধায়ক আশ্বস্ত করে জানান, বন্যার দিনগুলিতে যাতে সাধারণ মানুষ কোনও রকম অসুবিধার মধ্যে না পড়েন, সেই লক্ষ্যে প্রশাসন এবং সমস্ত জনপ্রতিনিধিরা একযোগে কাজ করতে বদ্ধপরিকর। পাশাপাশি শুকনো খাবার, ওষুধ সহ ত্রাণ ও জরুরি পরিষেবা যাতে দ্রুত দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA