
অশোকনগর, ২০ মে (হি. স.):-অশোকনগরে সাড়ে চার বছরের এক নাবালিকাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে বুধবার ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। পাশাপাশি অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। নির্যাতিতার পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ৩১ জুলাই অশোকনগর থানার এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, বাড়ির সামনেই বসবাসকারী প্রায় ৫৫ বছর বয়সি এক ব্যক্তি, যিনি নিজেকে সাধু পরিচয় দিতেন এবং বাড়িতে একটি মন্দির পরিচালনা করতেন, তিনি খেলতে থাকা নাবালিকাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানেই শিশুটির উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।ঘটনার পর শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে মামলার বিচারপ্রক্রিয়া শুরু হলে একজন বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করা হয়।মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত কড়া শাস্তির নির্দেশ দিয়েছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়