পূর্ব চড়কবাইয়ে শিশু ও প্রবীণদের জন্য পার্ক উদ্বোধন, ওপেন জিম গড়ার পরিকল্পনা
শান্তিরবাজার (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশা
পার্কের উদ্বোধন


শান্তিরবাজার (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এলাকার সামাজিক পরিকাঠামো উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এই উদ্যোগের অংশ হিসেবে জোলাইবাড়ি ব্লকের অধীন পূর্ব চড়কবাই গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় শিশু ও প্রবীণদের অবসর বিনোদনের জন্য একটি আধুনিক পার্ক নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে সেখানে স্থাপন করা হয়েছে স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তি। বুধবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পার্ক ও মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জোলাইবাড়ি ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) নবব্রত দত্ত, পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান কেশব চৌধুরী, পূর্ব চড়কবাই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ শীল এবং এই উন্নয়নমূলক প্রকল্পের প্রধান উদ্যোক্তা সুজিত দত্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুজিত দত্ত বলেন, বর্তমান সময়ে শিশুদের মধ্যে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে। এর ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখেই শিশুদের খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে এই পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই পার্কে শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম রাখা হয়েছে, যাতে তারা অবসর সময়ে খেলাধুলার মাধ্যমে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। পাশাপাশি প্রবীণরাও এখানে সময় কাটাতে পারবেন। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়েছে। আগামী দিনে এলাকাবাসীর স্বাস্থ্যচর্চার সুবিধার্থে এখানে একটি ওপেন জিম স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত বলেন, রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে সামনে রেখে গ্রামীণ এলাকায় এ ধরনের সামাজিক পরিকাঠামো গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে। শিশুদের বিকাশ ও প্রবীণদের মানসিক প্রশান্তির জন্য এই পার্ক অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande