
ধর্মনগর (ত্রিপুরা), ২০ মে (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের অন্তর্গত মধুবন টিটিএএডিসি ভিলেজের মধুবন গ্রাম পঞ্চায়েতে এমজিএনরেগা-র কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগ সামনে এনে বুধবার সংবাদমাধ্যমের দ্বারস্থ হয় তিপ্রা মথা দলের যুবরাজনগর ব্লক কমিটির যুব সংগঠন ওয়াইটিএফ।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এমজিএনরেগা-র বিভিন্ন প্রকল্পে বাস্তবে মাত্র ৬ থেকে ৭ জন শ্রমিক কাজ করলেও সরকারি নথিতে ২০ থেকে ৩০ জন শ্রমিকের নামে মাস্টার রোল প্রস্তুত করা হচ্ছে। কাজের স্থলে উপস্থিতির প্রমাণ হিসেবে ছবি তোলার সময় অতিরিক্ত লোক জড়ো করে পরিস্থিতি ভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের একটি সুপরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন ওয়াইটিএফ নেতৃবৃন্দ।
সংগঠনের সদস্যদের বক্তব্য, বিষয়টি নিয়ে তাঁরা মধুবন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব এবং সংশ্লিষ্ট রেগা মাস্টারের সঙ্গে যোগাযোগ করে ব্যাখ্যা চাইলেও সন্তোষজনক কোনও উত্তর পাননি। অভিযোগের বিষয়ে স্পষ্ট ও গ্রহণযোগ্য জবাব দিতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আরও সন্দেহ তৈরি হয়েছে বলে দাবি করেন তাঁরা।
ওয়াইটিএফ-এর নেতারা জানান, এমজিএনরেগা প্রকল্প মূলত গ্রামীণ দরিদ্র মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। কিন্তু যদি প্রকল্পের কাজেই এভাবে অনিয়ম ও দুর্নীতি হয়, তাহলে প্রকৃত শ্রমিকরা যেমন বঞ্চিত হন, তেমনি সরকারের উন্নয়নমূলক উদ্যোগও প্রশ্নের মুখে পড়ে। তাই এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।
এই অভিযোগ সামনে আসার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও এমজিএনরেগা-র কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ শোনা গেলেও এবার বিষয়টি প্রকাশ্যে আসায় প্রশাসনের উচিত দ্রুত হস্তক্ষেপ করা।
এদিকে, ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট দফতর দ্রুত তদন্তে নামবে বলে আশা করছেন এলাকাবাসী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ