
তারকেশ্বর, ২০ মে (হি.স.): ছাত্রছাত্রীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে তারকেশ্বরে অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ -এর একদিনের এক বিশেষ প্রশিক্ষণ শিবির। বুধবার বিদ্যার্থী পরিষদের তারকেশ্বর নগর শাখার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়।
সাংগঠনিক সূত্রে জানা গেছে, তারকেশ্বর এবং ধনিয়াখালি ব্লকের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে বর্তমান প্রেক্ষাপটে ছাত্রসমাজের দায়িত্ব ও কর্তব্য, সংগঠনের আদর্শ, নিয়মানুবর্তিতা এবং শিক্ষাজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তরূণ প্রজন্মকে কীভাবে দেশ গঠন ও সমাজসেবামূলক কাজে আরও বেশি উৎসাহিত করা যায়, সেই বিষয়েও আলোকপাত করা হয় এই শিবিরে।
এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ -এর হুগলি বিভাগের সঙ্ঘচালক সুনীল বাগ সহ বিদ্যার্থী পরিষদের অন্যান্য পদস্থ কার্যকর্তারা। উপস্থিত বক্তারা ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এবং দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ও সক্রিয় ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান।
সংগঠনের জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্বের সঠিক গুণাবলি ও শক্তিশালী সাংগঠনিক চেতনা গড়ে তুলতে আগামী দিনেও মহকুমার অন্যান্য এলাকাগুলিতে এই ধরনের ধারাবাহিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA