বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাই, জনতার তৎপরতায় ধরা পড়ল বিহারের দুই যুবক
আগরতলা, ২০ মে (হি.স.) : দিনের আলোয় বাড়িতে ঢুকে জনৈকা বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালানোর চেষ্টা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও সাহসিকতায় শেষরক্ষা হলো না। জনতার হাতে ধরা পড়ল বিহারের দুই যুবক। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতা
দুই ছিনতাইকারী গ্রেফতার


আগরতলা, ২০ মে (হি.স.) : দিনের আলোয় বাড়িতে ঢুকে জনৈকা বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালানোর চেষ্টা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও সাহসিকতায় শেষরক্ষা হলো না। জনতার হাতে ধরা পড়ল বিহারের দুই যুবক। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সোনার চেইন এবং ঘটনায় ব্যবহৃত বাইক।

ঘটনাটি বুধবার দুপুরে শ্রীনগর থানার অধীন টিটিএএডিসি ভিলেজের টেলরবন এলাকায় ঘটে। আক্রান্ত বৃদ্ধার নাম রাধারানি দেববর্মা। জানা গেছে, ওই সময় বাড়িতে তিনি একাই ছিলেন। এই সুযোগে থালা-বাসন পরিষ্কার করার অজুহাতে দুই অপরিচিত যুবক তাঁর বাড়িতে প্রবেশ করে। প্রথমে নিজেদের সাধারণ ফেরিওয়ালা হিসেবে পরিচয় দিলেও কিছুক্ষণ পর আচমকাই রাধারানি দেববর্মার গলা থেকে একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে বাইকে চেপে দ্রুত পালিয়ে যায়।

হতভম্ব বৃদ্ধার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা কাঞ্চনমালা বাজারের ব্যবসায়ী ও বাসিন্দাদের ফোন করে বিষয়টি জানিয়ে দেন। খবর পেয়ে বাজারের লোকজন সতর্ক অবস্থানে থেকে অভিযুক্তদের ধরতে পরিকল্পনা করেন।

কিছুক্ষণ পর একই বাইকে দুই যুবক কাঞ্চনমালা বাজারে ঢুকতেই স্থানীয়রা তাঁদের ঘিরে ফেলেন। পালানোর চেষ্টা করলেও জনতার রোষের মুখে তাঁরা ধরা পড়ে। পরে আমতলি থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের কাছে ধৃতদের পরিচয় পাওয়া যায় পবন কুমার ও নীতিশ কুমার হিসেবে। তাঁদের বাড়ি বিহারের কাটিহার জেলায়। পুলিশ জানিয়েছে, তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া সোনার চেইন উদ্ধার করা হয়েছে। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে বিআর-৩৯-এএইচ-৮৩৫০ নম্বরের বাইক, যা ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হয়েছিল।

বুধবার বিকেলে আক্রান্ত বৃদ্ধার ছেলে পরিমল দেববর্মা আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃত দুই যুবক গত কয়েকদিন ধরে আমতলি ও আশপাশের এলাকায় একই কৌশলে বাড়িতে ঢুকে মহিলাদের স্বর্ণালঙ্কার ছিনতাই করছিল। বিশেষ করে বড়ইটিলা ও শিববাড়ি এলাকায় তাঁদের সক্রিয়তার তথ্য সামনে এসেছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনের বেলায় বাড়িতে একা থাকা মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি অপরিচিত কাউকে সহজে বাড়িতে প্রবেশ করতে না দেওয়ার পরামর্শ দিয়েছে।

ধৃত দুই অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে আমতলি থানা সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande