
বাঁকুড়া, ২১ মে (হি.স.) : বাঁকুড়া শহরের লালবাজার বাইপাস এলাকায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের মদতে একটি বাড়ির ভেতর দীর্ঘদিন ধরে বেআইনি দেহব্যবসা চালানোর অভিযোগ উঠল। এই অনৈতিক কারবার বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে লাঠি-সোটা হাতে নিয়ে সংশ্লিষ্ট বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ দেখালেন উত্তেজিত এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ওই এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লালবাজার বাইপাস সংলগ্ন ওই বাড়িটিতে গত বেশ কিছুদিন ধরে বহিরাগত যুবক-যুবতীদের আনাগোনা অস্বাভাবিক রকমের বৃদ্ধি পেয়েছিল। খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন যে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতার প্রত্যক্ষ মদত ও ছত্রছায়ায় বাড়ির ভেতরে এই অসামাজিক ও বেআইনি কারবার চালানো হচ্ছে। এর আগে পাড়ার পরিবেশ রক্ষা করতে স্থানীয় স্তরে আপত্তি জানানো হলেও, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁদের মুখ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।
অবশেষে বৃহস্পতিবার সকালে ধৈর্যের বাঁধ ভাঙে ক্ষুব্ধ প্রতিবেশীদের। পাড়ার মহিলারা সহ বহু মানুষ একজোট হয়ে ওই বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। বিক্ষোভকারী সাধারণ মানুষ পুলিশের কাছে দাবি জানান, অবিলম্বে এই অনৈতিক চক্রের সঙ্গে জড়িত মূল পাণ্ডা এবং তাদের সহায়তাকারী রাজনৈতিক নেতাদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ করতে হবে।
পুলিশের পক্ষ থেকে উপযুক্ত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ওই বাড়ির মালিক ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি