
মালদা, ২১ মে (হি.স.): আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের 'কাটমানি' নেওয়ার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার মানিকচকের ভূতনি থানার উত্তর চণ্ডীপুর এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা এলাকার তৃণমূলের পঞ্চায়েত প্রধান অর্চনা মণ্ডলের বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ভূতনি থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি আবাস প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তুলেছেন পঞ্চায়েত প্রধান অর্চনা মণ্ডল। উপভোক্তাদের দাবি, কারও কাছ থেকে ১০ হাজার টাকা, আবার কারও কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, টাকা দেওয়ার পরও দীর্ঘদিন কেটে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাঁরা সরকারি প্রকল্পের ঘর পাননি। বার বার প্রধানের দ্বারস্থ হয়েও কোনও লাভ না হওয়ায় শেষমেশ ধৈর্যের বাঁধ ভাঙে তাঁদের। হইচই শুরু হলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় ভূতনি থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ