
নয়াদিল্লি, ২২ মে (হি.স.) :
দেশের ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটল আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (এবিডিএম)-এর অধীনে। আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট -এর সঙ্গে যুক্ত স্বাস্থ্য নথির সংখ্যা ১০০ কোটির সীমা অতিক্রম করেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল হেলথ অথরিটি পরিচালিত এই মিশনের লক্ষ্য একটি একীভূত ও নাগরিক-কেন্দ্রিক ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলা। মন্ত্রকের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেখানে এই সংখ্যা ছিল প্রায় ৫০ কোটি, মাত্র ১৫ মাসে তা দ্বিগুণ হয়ে ১০০ কোটির বেশি হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি দুই থেকে তিন মাসে প্রায় ১০ কোটি নতুন স্বাস্থ্য নথি এবিডিএম ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে। রাজ্যগুলির মধ্যে উত্তর প্রদেশ ১৫.০৩ কোটি রেকর্ড নিয়ে শীর্ষে রয়েছে। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, রাজস্থান ও গুজরাট।
এবিডিএম প্ল্যাটফর্ম ইতিমধ্যেই ৪৫০টিরও বেশি সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রযুক্তি ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এর মধ্যে কো-উইন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং ই-হাসপাতাল প্ল্যাটফর্মও রয়েছে। ফলে দেশের স্বাস্থ্য পরিষেবায় ধীরে ধীরে কাগজবিহীন, দ্রুত ও সমন্বিত ব্যবস্থা গড়ে উঠছে।
ন্যাশনাল হেলথ অথরিটির সিইও ডঃ সুনীল কুমার বার্নওয়াল এই সাফল্যকে বড় মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, এবিডিএম ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা তাদের স্বাস্থ্য নথিতে নিরাপদ ও সম্মতিভিত্তিক প্রবেশাধিকার পাচ্ছেন। এতে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা সহজ হচ্ছে।
তিনি আরও বলেন, এই ডিজিটাল ব্যবস্থার মূল লক্ষ্য হলো রোগীকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলা, যেখানে মানুষ সহজেই তাদের চিকিৎসা সংক্রান্ত তথ্য ডাক্তার ও হাসপাতালের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য