
নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : ১১৯.০৩ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে মুম্বই ও আমেদাবাদের সাতটি জায়গায় তল্লাশি চালাল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। শ্রী হরি এক্সট্রুশন প্রাইভেট লিমিটেড এবং জয় ফর্মুলেশনস লিমিটেড নামে দুই সংস্থার বিরুদ্ধে পৃথক দু’টি ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে এই অভিযান চালানো হয়েছে।
শুক্রবার সিবিআই সূত্রে জানা গিয়েছে, শ্রী হরি এক্সট্রুশন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-কে প্রায় ৬১.৯৮ কোটি টাকা এবং জয় ফর্মুলেশনস স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-কে প্রায় ৫৭.০৫ কোটি টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ।
শ্রী হরি এক্সট্রুশনের বিরুদ্ধে অভিযোগ, তারা পিএনবি থেকে ক্যাশ ক্রেডিট ও টার্ম লোন নিয়েছিল। পরে অনিরাপদ ঋণ প্রদান, সহযোগী সংস্থার সঙ্গে ভুয়ো লেনদেন, বিক্রির তথ্য গোপন রাখা এবং সংশ্লিষ্ট পক্ষকে বেআইনি অর্থ প্রদান করে ঋণের আর্থিক তছরুপ করা হয়। এই মামলায় মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে সংস্থার ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালানো হয়।
অন্যদিকে, জয় ফর্মুলেশনসের বিরুদ্ধে এসবিআই থেকে ভুয়ো হিসাবপত্র দেখিয়ে ফান্ড-ভিত্তিক ও নন-ফান্ড-ভিত্তিক ঋণ নিয়ে ৫৭.০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই মামলায় আমেদাবাদের আদালতের নির্দেশে সংস্থার ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি চালানো হয়।
সিবিআই জানিয়েছে, তল্লাশির সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল প্রমাণ উদ্ধার হয়েছে। এই দুই প্রতারণার ঘটনায় রাষ্ট্রায়ত্ত দুই ব্যাঙ্কের মোট ১১৯.০৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য