
মেক্সিকো, ২২মে(হি.স.) : আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জালিস্কো স্টেডিয়ামের সামনে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একটি বিশাল ভাস্কর্য স্থাপন করেছে মেক্সিকো। মূলত, ব্রাজিল জাতীয় দলের হয়ে পেলের অসাধারণ কৃতিত্বকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) মেক্সিকোর গুয়াদালাহারা শহরে অবস্থিত স্টেডিয়ামটির সামনে পেলের ভাস্কর্য উন্মোচন করা হয়।
মেক্সিকোর জালিস্কো স্টেডিয়ামে ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ১৯৭০ আসরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে ব্রাজিল সেখানে প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ খেলে।
পেলের ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে জালিস্কো স্টেডিয়ামের বাইরে ‘প্লাজা ব্রাজিল’ নামের একটি উন্মুক্ত চত্বরে, যার উচ্চতা ৩১ ফুট বা ৯ দশমিক ৫ মিটার।
জালিস্কো অঙ্গরাজ্যের গভর্নর পাবলো লেমুস বলেছেন, এখানে পেলে খেলেছেন এবং দুর্দান্ত একটি গোল করেছেন। এমন একজন মহান খেলোয়াড়ের এই বিশাল ভাস্কর্য জালিস্কোর মানুষ এবং সব দর্শনার্থীর জন্য দারুণ এক উপহার।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি