
দুর্গাপুর, ২২ মে (হি.স.) : কাঁকসার বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় ফার্নেস বিস্ফোরণে গুরুতর জখম হলেন চার শ্রমিক। শুক্রবার ঘটনাটি ঘটতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও কারখানার ফার্নেসে কাজ চলছিল। সেই সময় আচমকাই লোহা গলানোর ভাটিতে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ফার্নেসের ভিতরে থাকা গলিত ধাতু চারদিকে ছিটকে পড়ে। তাতেই ঝলসে যান সেখানে কর্মরত চার শ্রমিক।
সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে পরিমল বিশ্বাস ও নিরঞ্জন বাগদীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বাকি দু’জন শ্রমিকও গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। অনেক সময় নিয়ম মেনে সুরক্ষা সরঞ্জামও দেওয়া হয় না। পাশাপাশি বহু শ্রমিক ইএসআই ও পিএফ সুবিধা থেকেও বঞ্চিত বলে অভিযোগ ওঠে। দুর্ঘটনার পর ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা।
ঘটনায় সরব হয়েছে বিজেপিও। বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি রমন শর্মা বলেন, “বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। অথচ কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা নেই। জখম শ্রমিকদের সঠিক চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে না। শ্রমিকদের কোনও ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় কারখানা কর্তৃপক্ষকেই নিতে হবে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। কারখানার নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা