৫১ তম অল ইন্ডিয়া আমন্ত্রণমূলক আন্তঃ স্কুল রেগাট্টা ২০২৬-এর আয়োজন করছে ‘দ্য লেক ক্লাব’
কলকাতা, ২২মে (হি. স.) : কলকাতার রবীন্দ্র সরোবরের লেকে ফের আয়োজিত হতে চলেছে ‘অল ইন্ডিয়া আমন্ত্রণমূলক আন্তঃ স্কুল রেগাট্টা’। ২০২৬ সালে এই মর্যাদাপূর্ণ রোয়িং প্রতিযোগিতা ৫১ তম সংস্করণে পদার্পণ করল। এবারের প্রতিযোগিতার মূল আয়োজক ‘দ্য লেক ক্লাব লিমিটেড’
লেক ক্লাবে সাংবাদিক সম্মেলনে ঘোষণা


কলকাতা, ২২মে (হি. স.) : কলকাতার রবীন্দ্র সরোবরের লেকে ফের আয়োজিত হতে চলেছে ‘অল ইন্ডিয়া আমন্ত্রণমূলক আন্তঃ স্কুল রেগাট্টা’। ২০২৬ সালে এই মর্যাদাপূর্ণ রোয়িং প্রতিযোগিতা ৫১ তম সংস্করণে পদার্পণ করল। এবারের প্রতিযোগিতার মূল আয়োজক ‘দ্য লেক ক্লাব লিমিটেড’। আগামী ২৪ থেকে ৩০ মে পর্যন্ত রবীন্দ্র সরোবরের জলাশয়ে এই রোয়িং প্রতিযোগিতা চলবে।

​এদিন এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত সূচি ও তথ্য তুলে ধরেন ক্লাবের ‘ক্যাপ্টেন অফ বোটস’ সুদীপ নাহা। তিনি জানান, এবারের প্রতিযোগিতায় প্রায় ৪৩টি স্কুলের ৪৫০ জনের কাছাকাছি প্রতিযোগী অংশ নিতে চলেছে। এর মধ্যেই রয়েছে টাটা অ্যাকাডেমির তিনটি স্কুলের একাধিক প্রতিযোগীও।

​সুদীপবাবু আরও জানান, এই বছরের প্রতিযোগিতায় তিনটি প্রধান ইভেন্ট রয়েছে— ইনডোর রোয়িং (যেখানে ১৬০ জন প্রতিযোগী থাকছে), কক্সড ফোরস এবং ডাবল স্কালস। প্রতিযোগিতায় মেয়েদের ১৭টি দল এবং ছেলেদের ২৩টি দল অংশ নিচ্ছে। সেইসঙ্গে একাধিক ক্যাটাগরিতে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য ‘জুনিয়র বয়েজ’ ও ‘জুনিয়র গার্লস’ বিভাগে নাম নথিভুক্তকরণ এই মুহূর্তের জন্য খোলা রাখা হয়েছে। এছাড়া ‘সিনিয়র বয়েজ’ ও ‘সিনিয়র গার্লস’ বিভাগে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।

​ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ঐতিহ্যবাহী জলক্রীড়াকে আরও জনপ্রিয় করে তুলতে আগামীদিনে গ্রাম বাংলা থেকে নতুন প্রতিভা খুঁজে আনতে বিশেষ অভিযান চালানো হবে। এদিনের সাংবাদিক বৈঠকে ক্লাবের সভাপতি ইন্দ্রনীল ঘোষ, যুগ্ম সম্পাদক দেবব্রত দত্ত, যুগ্ম আহ্বায়ক সোমনাথ দে ও অভিজিৎ বসু এবং সহকারী আহ্বায়ক সৌম্য রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande