(আপডেট) ত্বিশা শর্মা মৃত্যু মামলায় নতুন মোড়, হাইকোর্টের নির্দেশে দিল্লি এইমসের টিম করবে দ্বিতীয় ময়নাতদন্ত, আত্মসমর্পণ করবেন পলাতক স্বামী
ভোপাল/জব্বলপুর, ২২ মে (হি.স.) : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের চর্চিত মডেল ও অভিনেত্রী ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় শুক্রবার একাধিক গুরুত্বপূর্ণ মোড় সামনে এল। মধ্যপ্রদেশ হাইকোর্ট মৃতদেহের দ্বিতীয় ময়নাতদন্ত দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল
(আপডেট) ত্বিশা শর্মা মৃত্যু মামলায় নতুন মোড়, হাইকোর্টের নির্দেশে দিল্লি এইমসের টিম করবে দ্বিতীয় ময়নাতদন্ত, আত্মসমর্পণ করবেন পলাতক স্বামী


ভোপাল/জব্বলপুর, ২২ মে (হি.স.) : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের চর্চিত মডেল ও অভিনেত্রী ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় শুক্রবার একাধিক গুরুত্বপূর্ণ মোড় সামনে এল। মধ্যপ্রদেশ হাইকোর্ট মৃতদেহের দ্বিতীয় ময়নাতদন্ত দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সস (এইমস)-এর বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে করানোর নির্দেশ দিয়েছে। একইসঙ্গে মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিতে সম্মতি দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। অন্যদিকে, মামলার মূল অভিযুক্ত ও ত্বিশার স্বামী সমর্থ সিং হাইকোর্ট থেকে তাঁর আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার মধ্যপ্রদেশ হাইকোর্টে শুনানির সময় মৃতার বাবা নবনিধি শর্মার তরফে দ্বিতীয় ময়নাতদন্তের দাবি জানানো হয়। পরিবারের অভিযোগ, প্রথম ময়নাতদন্তে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করা হয়েছে। মামলার সংবেদনশীলতা বিবেচনা করে আদালত নির্দেশ দেয়, দিল্লি এইমসের ডিরেক্টর বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করবেন, যারা ভোপালে এসে ত্বিশা শর্মার মৃতদেহের দ্বিতীয় ময়নাতদন্ত করবেন। আদালত জানায়, নতুন ময়নাতদন্তের রিপোর্ট সিলবন্দি খামে সরাসরি আদালতে জমা দিতে হবে।

মৃতদেহের বর্তমান অবস্থা বিবেচনায় আদালত পুলিশ ও এইমস প্রশাসনকে মৃতদেহ সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে, যাতে ফরেন্সিক প্রমাণ নষ্ট না হয়। পাশাপাশি পুরো ময়নাতদন্ত প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফির নির্দেশও দিয়েছে আদালত।

এদিকে, ত্বিশা শর্মা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবির মুখে মধ্যপ্রদেশ সরকার সিবিআই তদন্তে সম্মতি দিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, কাটারা হিলস থানায় দায়ের হওয়া অপরাধ নম্বর ১৩৩/২০২৬-এর তদন্ত এবার থেকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে থাকবে।

উল্লেখ্য, গত ২০ মে ত্বিশার বাবা নবনিধি শর্মা প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পরিবারকে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন।

মামলার মূল অভিযুক্ত সমর্থ সিং শুক্রবার হাইকোর্টে দাখিল করা তাঁর আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। তাঁর আইনজীবী মৃগেন্দ্র সিং আদালতে জানান, সমর্থ এবার জেলা আদালত অথবা পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। শুনানির সময় রাজ্য সরকারের তরফে উপস্থিত সলিসিটার জেনারেল বলেন, “একজন পলাতক অভিযুক্তকে বিশেষ সুবিধা দেওয়া যায় না। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।”

পুলিশ ইতিমধ্যেই সমর্থ সিংয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং তাঁর বিরুদ্ধে ৩০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, ত্বিশার শাশুড়ি তথা প্রাক্তন জেলা ও দায়রা বিচারক গিরিবালা সিংয়ের সমস্যাও আরও বাড়ছে। পুলিশ জানিয়েছে, তদন্তে সহযোগিতার জন্য তাঁকে তিনবার নোটিস পাঠানো হলেও তিনি এখনও বয়ান রেকর্ড করাননি। রাজ্য সরকার তাঁর জামিন বাতিলের আবেদন জানিয়েছে হাইকোর্টে। এই মামলায় সোমবার শুনানি হওয়ার কথা রয়েছে।

খাদ্য ও নাগরিক সুরক্ষা দফতরও গিরিবালা সিংয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে। বর্তমানে তিনি জেলা ভোক্তা কমিশনের সঙ্গে যুক্ত দায়িত্বে রয়েছেন।

ত্বিশার বাবা নবনিধি শর্মা ও কাকা লোকেশ শর্মা পুলিশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, সমর্থ সিং জুলাই ২০২৩ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত মধ্যপ্রদেশ সরকারের লিগ্যাল অ্যাডভাইজর হিসেবে কাজ করেছেন এবং সেই প্রভাব ব্যবহার করে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন।

নবনিধি শর্মা পুলিশ কমিশনার সঞ্জয় সিংকে চিঠি লিখে কাটারা হিলস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুনীল দুবেকে সরানোর দাবিও জানিয়েছেন। পরিবারের অভিযোগ, মৃতদেহ না নিয়েও তাঁদের দিয়ে জোর করে বডি হ্যান্ডওভার সংক্রান্ত কাগজে সই করানো হয়েছে। এফআইআর দায়ের করতেও দেরি করা হয়েছে। পরিবারের বক্তব্য, শুরু থেকেই পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

তবে ভোপাল পুলিশ কমিশনার সঞ্জয় কুমার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ ও গুরুত্ব সহকারে করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ, কল ডিটেল রেকর্ড ও অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ৩৩ বছর বয়সি মডেল ও অভিনেত্রী ত্বিশা শর্মা গত ১২ মে ভোপালের কাটারা হিলস এলাকায় শ্বশুরবাড়িতে রহস্যজনক অবস্থায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। মৃতার পরিবার স্বামী সমর্থ সিং, শাশুড়ি গিরিবালা সিং এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে পণ-নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনেছে। ঘটনাটি সামনে আসার পর থেকেই তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আদালতের নির্দেশে দ্বিতীয় ময়নাতদন্ত ও সিবিআই তদন্তের সিদ্ধান্তের পর মামলাটি আরও সংবেদনশীল ও হাই-প্রোফাইল হয়ে উঠেছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande